নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের উসকানির অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। ভবিষ্যতে এ ধরনের আন্দোলনকে কেন্দ্র করে ফের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার শঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ব্যবসায়িক সংগঠনগুলোর নেতৃত্ব থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান এই তিনি।
রোববার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল আমিন বলেন, দুই মাস আগে এখানে মিটিং শেষে আমি চেম্বারের সভাপতি দীপু (নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য) ভাইকে বলেছিলাম এই ধরণের মুভমেন্ট হবে। শ্রমিকদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, আমরা জানি। আওয়ামী লীগ এই মুভমেন্টটাকে ব্যবহার করবে। তখন বলেছিলাম, ব্যবসায়িক সংগঠনে প্রয়োজনে আপনাদের দলের প্রশাসক বসান, কিন্তু আওয়ামী ফ্যাসিস্টদের রাখবেন না। তারা আপনাদের বিপদে ফেলবে।
এখন আন্দোলন হওয়ার পরে আপনি বলবেন আওয়ামী লীগ এখানে কাজ করছে। আপনার বিজনেস ফোরামের প্রেসিডেন্ট পদে যখন আওয়ামী লীগ বসে থাকে, সেখানে আপনি কিছু যদি করতে না পারেন, তাহলে উস্কানি সেখান থেকেই আসবে।
সেলিম ওসমানের কথা উল্লেখ করে বলেন, সেলিম ওসমান এখানে ফ্যাক্টরি চালায় এবং উনি নিজে আসেন। এগুলো চলমান থাকা অবস্থায় কিভাবে আপনারা আওয়ামী লীগকে প্রতিহত করবেন? যদি আওয়ামী লীগের নেতা ফ্রি স্পেস পায়, আপনি তো কর্মীদের ধরতে পারবেন না। এই ইস্যুতে সিদ্ধান্ত সকলে ঐক্যবদ্ধ হয়ে নেওয়া উচিত। কারণ, এই ঘটনা পুনরায় ঘটানোর চেষ্টা করবে ফ্যাসিস্ট শক্তি। কোনোভাবেই সেই সুযোগ দেওয়া যাবে না।
এমপি আল আমিন শ্রমিকদের ন্যায্য দাবীর প্রতি সমর্থন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে বলেন, শ্রমিকরা দাবী তুলতেই পারে। আজকে মজুরি, কালকে আরেক ইস্যু। বার বার আওয়ামী লীগ বলে সেটা মোকাবেলা করা যাবে না। বার বার আওয়ামী লীগ বলা হলে বিশৃঙ্খলা বাড়বে। এজন্য আওয়ামী লীগকে যেমন চেক দিতে হবে। তেমনি মালিক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিককে তার পূর্ন মর্যাদা দিতে হবে। নারায়ণগঞ্জে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, এটা আমরা চাই না।
তিনি ধর্মীয় ইস্যুতে সংঘাতের আশংকা জানিয়ে সতর্ক করে বলেন, ‘ধর্মীয় ইস্যু সেনসিটিভ ইস্যু। এখানে তাবলীগ জামায়াতের যে ইস্যুটা তৈরি হচ্ছে সেটা আগে থেকেই নজর দেয়া দরকার। এখানে একটা বড় তাবলীগ জামায়াতের মারকাজ আছে। নতুন করে সাদপন্থীদের একটা মসজিদ তৈরি হয়েছে। এটার সঙ্গে আবার জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তা জড়িত। যেকোন অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাওয়ার আগে সবাইকে নিয়ে যদি বসা যায় তাহলে বিষয়টি সমাধান করা সহজ হবে।
জেলার আইন শৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আল আমিন বলেন, আমরা দেখলাম যে, রূপগঞ্জে একজন পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীরা এটা করেছে। আমরা এর কাউন্টার অবস্থান দেখতে চাই। মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা করে পুলিশের হাত-পা ভেঙে দেবে, এই বাংলাদেশ কোনোভাবে আমরা চাই না। মাদক ব্যবসায়ীদের হাত-পা ভেঙে দিতে হবে।মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন নারায়ণগঞ্জে অনেকগুলো স্পটের কথা। এগুলো তো গোয়েন্দা সংস্থার রিপোর্টে আছে। মাদকের স্পট কারা চালায়, ওই জায়গায় আমাদের একশন নিতে হবে।
এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ফুটওভার ব্রিজ নির্মানে সওজের অবহেলার বিষয়ে ইঙ্গিত করে বলেন, ফতুল্লা স্টেডিয়ামের ওভারব্রিজ নিয়ে অনেক কথা হয়েছে। অনেক দুর্ঘটনা ঘটেছে, মানুষের মধ্যে অসন্তোষ আছে। সড়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব এসে নিজে বলে গেছিলেন। এটা একটা সেনসিটিভ জায়গা। এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এলাকাবাসী যদি রোড ব্লক করে তাহলে পুরো নারায়ণগঞ্জ ব্লক হবে। আমরা দ্রুত দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।”










