নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি গঠন ঘিরে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান।

সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার বাসিন্দা হাসান ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ছাত্ররাজনীতিতে যুক্ত হন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

তাঁর রাজনৈতিক সহকর্মীদের দাবি, ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে যুবদলের নেতৃত্বের আলোচনায় গুরুত্ব পাচ্ছেন হাসান। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে গ্রেপ্তার, কারাবরণ ও একাধিক মামলার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

এ ছাড়া ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী প্রচারণা টিমের প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং ডুসানের প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন হাসান।

যুবদলের নেতৃত্বে আসার প্রত্যাশা জানিয়ে হাসান বলেন, কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করলেও নিজের এলাকার মানুষের জন্য কাজ করতে চান তিনি। ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দায়িত্ব পালন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকার অভিজ্ঞতা বিবেচনায় মহানগর যুবদলের সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদ প্রত্যাশা করছেন। তবে এ বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি।

নতুন কমিটিতে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসবেন, তা নির্ভর করছে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর।