সিঙ্গাপুর থেকে জাপানে সোনা চোরাচালানের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলীকে গ্রেপ্তার করেছে জাপানের গুনমা প্রিফেকচার অঞ্চলের পুলিশ।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজর আলীসহ দুইজনকে গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।
জাপানের টিবিএসের প্রতিবেদনে ফজর আলীকে‘আলি ফাজার’(৬১) নামে উল্লেখ করা হয়েছে। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি কোইচি তানাকা (৬৩)। গত আগস্টে সিঙ্গাপুর থেকে নারিতা বিমানবন্দর হয়ে শুল্ক ঘোষণা ছাড়াই ৬৯টি সোনার মুদ্রা ও অলঙ্কার জাপানে নেওয়ার চেষ্টা করেন তাঁরা।
প্রায় ১ দশমিক ৮ কেজি ওজনের এসব সোনার সামগ্রীর মূল্য ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার ইয়েন। এতে প্রায় ৪৩ লাখ ৬০ হাজার ইয়েন শুল্ক ও ভোগকর ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের সন্দেহ।
শুল্ক কর্মকর্তারা নারিতা বিমানবন্দরে তানাকার পোশাকের পকেট থেকে সোনার সামগ্রীগুলো শনাক্ত করেন। পুলিশ সন্দেহ করছে, তাঁরা একাধিকবার সিঙ্গাপুর যাতায়াত করে গুনমার বিভিন্ন দোকানে সোনা বিক্রি করেছেন। তবে জিজ্ঞাসাবাদে দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।
২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ফজর আলী। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার অভিযোগে একাধিক থানায় মামলা রয়েছে।










