নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সংসদের প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের  কাছে উন্নয়ন খাতে বরাদ্ধ বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

সোমবার সংসদের অধিবেশনে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে সরকারি দলের আসনের প্রতিটি ইউনিয়নে বিশেষ উন্নয়ন বরাদ্ধ দেয়া হয়েছে। কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে কোন ইউনিয়নেই সেই বরাদ্ধ দেয়া হয়নি।

আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, সরকারের কাছে এমন কোন রিপোর্ট আছে কিনা যে বিরোধী দলের আসনের কোন ইউনিয়নেই উন্নয়ন দরকার নাই। শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনে উন্নয়ন দরকার। এমন কোন সিদ্ধান্ত বা এমন কোন রিপোর্ট সরকারের কাছে আছে কিনা। সেটা জানতে চাই।

তার প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘প্রথমত আমার জানা মতে মাননীয় সংসদ সদস্যের এলাকায় কোন ইউনিয়ন নেই। তিনি মহানগর থেকে নির্বাচিত। দুই একটি বোধহয় থাকতে পারে।

মাননীয় স্পিকারের মাধ্যমে বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের জানাতে চাই। সমভাবে সকল এলাকার উন্নয়ন হবে। আপনাদের মাধ্যমে মসজিদ, মন্দির ও ইউনিয়নের উন্নয়নের বরাদ্ধপত্র আগামীকালের মধ্যেই আমি বিরোধী দলীয় নেতার দপ্তরে পৌছে দিব ইনশাআল্লাহ।