এক মাসের ব্যবধানে কোনো আলোচনা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিবের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় ছাত্র ফেডারেশনের নেতারা জানান, গত ৭ অক্টোবর প্রশাসন, ছাত্র সংগঠন, নাগরিক সমাজ ও বাস মালিকদের যৌথ বৈঠকে বাসভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি আলোচনা ছাড়া ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

ছাত্র ফেডারেশনের দাবির পরিপ্রেক্ষিতে এনডিএ চেয়ারম্যান বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে বর্ধিত ভাড়া আদায় অবিলম্বে বন্ধের নির্দেশ দেন। নির্ধারিত ভাড়া পুনর্বহাল না হলে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।