নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মিছিলটি ফতুল্লা শিবু মার্কেট থেকে শুরু হয়ে ফতুল্লা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্যে ফতুল্লা থানা ছাত্রশক্তির আহ্বায়ক মোঃ হাসান শিকদার বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ। কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থাকব। ফতুল্লার মাটিতে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না।”
মুখ্য সংগঠক আমিন আল রাজিব বলেন, “এই দেশের ছাত্রসমাজ সবসময় অন্যায়, সন্ত্রাস ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে।”
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










