নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া আলতাফ হোসেন (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আলতাফ হোসেন ফতুল্লার কোতালেরবাগ এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

নিহতের ভাতিজা সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রেললাইন বটতলা এলাকায় দৌড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কায় দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন ও মাথায় গুরুতর আঘাত পান

দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহতের পরিবারের কাছ থেকে তাঁরা কিছুক্ষণ আগে দুর্ঘটনা ও মৃত্যুর খবর পেয়েছি। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।