নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিদেশি পিস্তল বিক্রি করতে আসা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), ফতুল্লার শফিকুর রহমান রনি (৩৫) এবং পটুয়াখালী সদর উপজেলার মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)।
জেলা গোয়েন্দা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, মেহেরপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ পিস্তল ক্রয় করে সিদ্ধিরগঞ্জের ক্যানেলপাড় এলাকায় বিক্রির জন্য অবস্থান নিয়েছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জসিম দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচার সাথে যুক্ত। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের এসব অস্ত্র কেনাবেচা করা হয় বলে জানিয়েছে সে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলা রয়েছে।










