খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যেবদ্ধভাবে লড়াই করবে ইনশাআল্লাহ। কিছুদিন যাবত পতিত আওয়ামী সন্ত্রাসীরা  নাশকতা করে অনেক মানুষকে হত্যা করেছে। রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বাংলাদেশের মানুষ চব্বিশে তাদেরকে উৎখাত করেছে, জনগণ তাদেরকে আর ফিরতে দিবে না, ইনশাআল্লাহ। তারা যে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে বিক্ষোভ শেষ হয়। পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে সিরাজুল মামুন এই মন্তব্য করেন।

সিরাজুল মামুন বলেন- ভারতের মন্ত্রীরা যেসব কথাবার্তা বলছে এবং তাদের দেশীয় দালালরা চোখ তুলে তাকালে এদেশের মানুষ তাদের প্রতিহত করবে। একজন নারায়ণগঞ্জের কোর্টে বলেছিল জয় বাংলা দমাইতে পারবে না। তোমরা রাস্তায় এসে দেখ, মানুষ কিভাবে তোমাদের প্রতিহত করে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে যেকোনো সংগ্রামের সূচনা হলে রক্ত দিয়ে হলেও ফ্যাসিবাদকে রুখতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।