আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পেলে আটক করে ফোন করার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তবে তাঁদের মারধর না করে পুলিশের হাতে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) আগামী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বিরোধী দলে থাকাকালীন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছিল। এখন আমরা দায়িত্ব গ্রহণের মাত্র ১০ মাসের মাথায় আছি। এই অবস্থায় কেউ যদি আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, বিএনপির নেতাকর্মীরা বেঁচে থাকতে তা কখনোই সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্টের দোসররা সারা দেশে যে নৈরাজ্য করছে, তা হতে দেওয়া যাবে না। কোনো নামধারী বা কমিটিতে থাকা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের লোকদের পেলে ধরে আমাদের ফোন দেবেন, আমরা পুলিশ পাঠাব তবে মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে; নিষিদ্ধ কোনো দল দেশে অরাজকতা সৃষ্টি করবে, তা বরদাস্ত করা হবে না।”










