নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে হাশেমবাগ এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ডেভিড ও আব্দুল্লাহর আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, একটি খেলনা পিস্তল, গাঁজাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে হাশেমবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গ্রেপ্তার ছয় আসামীর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি পাঁচজনকে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তারা জানিয়েছে হাশেমবাগ এলাকায় তাদের একটি আস্তানা রয়েছে। সেখানে মাদক ও দেশীয় অস্ত্র মজুত রেখে মানুষকে হয়রানি, নির্যাতন ও ছিনতাই করে আসছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দেশীয় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হবে।

কনস্টেবল হত্যায় সরাসরি জড়িত সাত-আটজনের নাম ইতোমধ্যে পুলিশের হাতে এসেছে বলে জানান তারেক আল মেহেদী। তবে অভিযান চলমান থাকায় এবং তারা সতর্ক হয়ে যেতে পারে, এই আশঙ্কায় নাম প্রকাশ করা হয়নি।