আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ‘সুসম্পর্কের’ অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপির ছেলে আবুল কাউসার আশাকে শোকজ করেছে মহানগর বিএনপি। শোকজ নোটিশে তাঁর বিরুদ্ধে সাবেক এমপি শামীম ওসমান ও সেলিম ওসমানের ঘনিষ্ঠজনদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করার অভিযোগ তোলা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরে দলীয় প্যাডে কারণ দর্শানোর এ নোটিশ ইস্যু করা হয়। তবে, শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়।

শোকজ নোটিশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন এমপি পুত্র ও বিএনপি নেতা আবুল কাউসার আশা। শোকজের লিখিত জবাব দিয়েছেন বলে জানান তিনি।

আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার বাবা অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। বর্তমানে আবুল কাউসার আশা সংসদ সদস্যের রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক পদে আসীন রয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়, “আপনি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদধারী ও গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের গডফাদার শামীম ওসমান পরিবারের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিজের হীন স্বার্থে সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করে ও নিজের মিছিল মিটিংয়ে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেন।”

এদের মধ্যে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা ও ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ অন্যান্যদের সাথে আবুল কাউসার আশার বিভিন্ন ছবি প্রমান করে আপনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করছেন।

এর ফলে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছেন। বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরুপ মনোভাব তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে গভীর সম্পর্ক রেখে নিজের ও দলের সাংগঠনিক অবস্থা এবং দলের নেতা-কর্মীদের মনে রক্তক্ষরণ করে তাদেরকে মানসিকভাবে দুর্বল করেছেন, যা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপদজনক। এসব কারনে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ৪৮ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হলো।

শোকজ নোটিশের অনুলিপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

এদিকে, এ নোটিশের জবাবে আবুল কাউসার আশা বলেন, আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। উনি কখনো আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। হাবিবুর রহমান বিএনপির একজন কর্মী। বর্তমানে তিনি বিএনপির বন্দর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য।

এছাড়া আইয়ুব ধামগড় ইউনিয়নের মেম্বার। তিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কিন্তু ২০২৪ সালের ২৪ জুলাই ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনকে বন্দর থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে নিয়ে আসার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

আশা বলেন, ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক ব্যক্তি মামলা-বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও মাদক ব্যবসায়ীদের জামিনের ব্যবস্থা করে দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাদের বিরুদ্ধে আমার শক্ত অবস্থানের কারনে আমি তাদের চক্ষুশূলে পরিণত হয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হোক।