প্রয়াত নাসিম ওসমানের ছেলে ও শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সাথে মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলের সাথে একটি ভিডিও কলের দৃশ্য ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
প্রকাশিত ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে খাবার খাচ্ছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। এ সময় তাঁর ভায়রা ও আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আক্তার নূর ফোনে আজমেরী ওসমানকে ভিডিও কল দিয়ে অনুষ্ঠানের দৃশ্য দেখাচ্ছিলেন। একপর্যায়ে ফোনের ক্যামেরা সজলের দিকে ঘোরানো হলে ভিডিও কলের পর্দায় আজমেরী ওসমানকে দেখা যায়।
জানা গেছে, গত ২২ অক্টোবর একটি রেস্তোরাঁয় আয়োজিত বিয়ের অনুষ্ঠানে ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা তৈরী হয় জেলার রাজনৈতিক অঙ্গনে। ওসমান পরিবারের সাথে সখ্যতার প্রমান পাওয়া গেছে বলেও কথা উঠতে থাকে।
বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিস্কার করেন সজল। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, তিনি তার স্ত্রীর বড় বোনের ছেলের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে অংশ নিয়েছিলেন। তাঁর স্ত্রীর বড় বোনের স্বামী আক্তার নূর। রাজনৈতিকভাবে আক্তার নূরের সঙ্গে আজমেরী ওসমানের সম্পৃক্ততা রয়েছে। তবে পারিবারিক সম্পর্কের বাইরে আক্তার নূরের সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।
ভিডিও কলের বিষয়ে সজল দাবী করেন, অনুষ্ঠানে আক্তার নূর তাঁর ছেলের বিয়ের আয়োজন ভিডিও কলের মাধ্যমে আজমেরী ওসমানকে দেখাচ্ছিলেন। ওই সময় তিনি নিজে পরিবারের সদস্যদের নিয়ে খাবার খাচ্ছিলেন। আক্তার নূর অতিথিদের ভিডিও ধারণ করছিলেন এবং মুঠোফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। তবে আমার সাথে কারও কথা হয়নি। তাছাড়া ভিডিও কলে কে ছিলো সেটাও আমি জানি না।
উল্লেখ্য, গত ১ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে শহরের খানপুর এলাকা থেকে আক্তার নূরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গণঅভ্যুত্থানে হামলা চালানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। আক্তার নূর আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।










