নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের দুটি খণ্ড নিচে চলন্ত ইজিবাইকের ওপর পড়ে চালক আহত হয়েছেন। এতে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এই দুর্ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে তাঁর নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের ওপরের অংশ থেকে কংক্রিটের দুটি বড় খণ্ড ইজিবাইকের ওপর পড়ে। এতে চালক আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচলের নিরাপত্তা নিয়ে আতঙ্ক তৈরী হয়েছে স্থানীয়দের মাঝে।

স্থানীয় কয়েকজন রাজমিস্ত্রি শংকা প্রকাশ করে জানান, পিলারের ঢালাইয়ের ভেতরের রড থেকে কংক্রিট আলাদা হয়ে খসে পড়েছে। এই ধরনের সমস্যাকে ‘কংক্রিট স্পলিং’ বলা হয়। এই পিলারের পাশাপাশি ফ্লাইওভারের অন্যান্য অংশও পরীক্ষা করে দেখা প্রয়োজন।

তবে বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, এটি স্পলিংয়ের ঘটনা নয়। নির্মাণকাজের সময় শ্রমিকদের ফেলে যাওয়া একটি কংক্রিটের ব্লক ইজিবাইকের ওপর পড়ে দুর্ঘটনা ঘটেছে। সড়কের অন্য কোথাও কোনো সমস্যা নেই। আমরা আশা করছি ডিসেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।