ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবীতে গঠিত ‘পরিবহণ সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ আগামীকাল মঙ্গলবার অবরোধের ডাক দিয়েছে। সকাল ৮ টা থেকে শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় অবরোধ কর্মসুচী পালন করবে বলে জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরপরেই ঢাকা নারায়ণগঞ্জ রুটের নন এসি বাসের ভাড়া ৫৫ টাকা থেকে বৃদ্ধি করে ৬০ টাকা নির্ধারন করা হয়। একই সাথে ছাত্রদলের হাফ পাশ ৩৫ টাকা থেকে ৪০ টাকা নেয়া শুরু করে বাস মালিকরা।

তবে বাড়তি এই ভাড়া অযৌক্তিক দাবী করে আন্দোলন শুরু করে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। বেশ কয়েকবার বাস কাউন্টারে হট্টোগোল, বাস বন্ধ করে দেয়ার হুমকি এবং ইউএনও অফিসে দফায় দফায় মিটিং এর পরেও কোন সমাধানে পৌছাতে পারেনি উভয়পক্ষ।

বাসের ভাড়া কমানোর দাবিতে ৮ টি ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে গঠন করা হয় ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। এর মধ্যে রয়েছে, ‘বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।’

ছাত্র ঐক্যের চলমান আন্দোলনের মধ্যে আগামী ৫ অক্টোবরের মধ্যে বাসের ভাড়া না কমালে ৬ অক্টোবর সর্বাত্মক অবরোধ কর্মসূচীর ডাক দেয়া হয়। তবে এখন পর্যন্ত কোন সমাধানে না আসায় মঙ্গলবার অবরোধ কর্মসুচী পালিত হবার সম্ভাবনা তৈরী হয়েছে। সেই সাথে বাস মালিকদের সাথে ছাত্রদের সংঘাতে জড়িয়ে যাবারও আশংকা দেখা দিয়েছে।

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক সৌরভ সেন বলেন, ‘আমরা সংঘাত চাইনা। আমরা বার বার আলোচনার টেবিলে সময় দিয়েছি। কিন্তু বাস মালিকরা আমাদের কোন দাবীই মানতে রাজি নয়। সবশেষ বাসের ভাড়া ৫৮ এবং হাফপাশ ৩৪ টাকা প্রস্তাব করা হয়েছে। কিন্তু তারা সেটাও মানেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি মঙ্গলবার সকাল ৮ টায় আমরা শহরের চাষাঢ়া অবরোধ করবো। ইতোমধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। শহরজুড়ে মাইকিং চলছে।’

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন, ‘অবরোধ কর্মসূচী সফল করতে আমরা প্রস্তুত। যদিও নানান ভাবে আমাদের উপর চাপ দেয়া হচ্ছে যেন অবরোধ না পালিত হয়। এমনও হতে পারে রাতে তারা দাবী মেনে নিবে। কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবী আদায় না হলে ছাড় দিব না। দাবী আদায় হলে আমরা অবরোধ প্রত্যাহার করবো। আর দাবী আদায় না হলে আগামীকাল সকালে আমরা রাজপথে সরব অবস্থান রাখবো।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবীর বলেন, ‘ছাত্ররা একটি যৌক্তিক দাবী তুলেছে। সেই দাবীটি না মানায় তারা অবরোধের ডাক দিয়েছে। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে। আশা করছি দ্রুতই সমাধান হয়ে যাবে। সংঘাতের কোন শংকা আমরা দেখছি না।’