নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও ছাত্রদলের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ সালামত এবং আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সমাবেশ ও মিছিল শেষে ফেরার পথে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় আহত ব্যক্তিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে রিফাতুল্লাহ (৩৫) ও শাহজাহানের (৪০) শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, সালাউদ্দিন আহাম্মেদ সালামত ও মোবারক হোসেন দুজনই কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। এ নিয়ে তাঁদের অনুসারীদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মিছিল শেষে ফেরার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের ঢিল ছোড়াছুড়িতে কয়েকজন আহত হন। ঢাকা মেডিকেলে পাঠানো দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।