ঢাকা নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া নিয়ে ফের বাস মালিকদের সাথে ছাত্র ফেডারেশন নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকটি কোন সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত হয়েছে।
রোববার বিকেল ৪ টায় এনডিএ চেয়ারম্যানের কার্যালয়ে বাস মালিক ও ছাত্র ফেডারেশনের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাসের ভাড়া বৃদ্ধি ও চুক্তির বিষয়ে নিয়ে আলোচনা হয়। ভাড়া নির্ধারন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরী হলে কোন সমাধান ছাড়াই বাস মালিকদের প্রতিনিধিরা বৈঠক ত্যাগ করেন।
বাস মালিকদের প্রতিনিধিরা জানান, এই রুটে বাসভাড়া ৬০ টাকার নিচে করা সম্ভব নয়। এর থেকে কম ভাড়া আদায় করলে তাদের কোনো লাভ থাকবেনা। তবে বাস মালিকরা শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিতে প্রস্তুত।
বৈঠক শেষে এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, ‘আজকে উভয় পক্ষের সঙ্গে আলাপ হয়েছে। আমরা আলোচনা করেছি, আমরা আগামীকাল সবাইকে নিয়ে আবার বসব। আশা করি নারায়ণগঞ্জবাসীর স্বার্থেই একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সবার সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করেন বাস মালিকেরা। এনিয়ে দফায় দফায় আন্দোলন ও বৈঠকের মুখে গত ৭ অক্টোবর বাসের ভাড়া ৫৮ এবং শিক্ষার্থীদের ৩৪ টাকা নির্ধারন করা হয়। সেসময় জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ, এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, এনসিপির মহানগরের আহবায়ক শওকত আলী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও বাস মালিক নেতারা উপস্থিত ছিলেন।
তবে সেই সিদ্ধান্তের এক মাসের মাথায় ফের ১২ নভেম্বর থেকে ৬০ টাকা ভাড়া আদায় করা শুরু করে উৎসব ও বন্ধন। এর প্রতিবাদে ছাত্র ফেডারেশন এনডিএ চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালে রোববার বৈঠক অনুষ্ঠিত হয়।










