নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার চেষ্টা হয়েছিল। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না। ওই সময় জিয়াউর রহমানকে বন্দি করে রাখা হয়েছিল।
তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত উদ্যোগে জিয়াউর রহমান মুক্ত হন। এর মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত হয়। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছিল।
বিএনপির এই নেতা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা ও ইতিহাস আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ইতিহাস নতুন প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরতে সবাইকে সচেতন হতে হবে।










