নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পেছনে নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক। স্থানীয়দের দাবি, রাসেল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।










