নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের শতাধিক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মালিকদের আশ্বাসে কাজে ফিরেছেন হাজারো শ্রমিক।

শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, কাঁচপুর, টিপুরদী ইকোনমিক জোনসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে গত তিন দিন ধরে স্বাভাবিকভাবে উৎপাদন চলছে। স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা এবং সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন তাঁর রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন।

খাইরুল ইসলাম সজীব জানান, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান দেশের বাইরে চিকিৎসাধীন থাকলেও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি নাশকতা ঠেকাতে তাঁরা সতর্ক রয়েছেন। তাঁর দাবি, নারায়ণগঞ্জ-৩ আসনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এসব কর্মসূচিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।