নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে দিনটি তাৎপর্যপূর্ণ।
শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল কালাম বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন পরিবর্তনের সূচনা করেছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা থেকে অনুপ্রাণিত হয়েই নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জসিম উদ্দিন তোতা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।










