নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে কমিটির সদস্যরা মাদ্রাসায় গিয়ে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ধারণ করা ফুটেজও পর্যালোচনা করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান বলেন, আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা চলছে।
প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, মাদ্রাসাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়মিত অগ্নিনির্বাপণবিষয়ক প্রশিক্ষণের আয়োজন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম।










