নারায়ণগঞ্জের ফতুল্লায় হাঁপানি বা অ্যাজমা রোগের আধুনিক চিকিৎসা ও আন্তর্জাতিক নির্দেশনার সর্বশেষ সংযোজন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় ফতুল্লা ডক্টরস সোসাইটির (এফডিএস) উদ্যোগে সাইনবোর্ড এলাকার গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ‘গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা (GINA) ২০২৬’-এর নতুন নির্দেশনা ও সংযোজন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. আবদুন নূর সায়েম। তিনি অ্যাজমা রোগ নির্ণয়, চিকিৎসা এবং আধুনিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নির্দেশনার সর্বশেষ পরিবর্তনগুলো তুলে ধরেন।
ফতুল্লা ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এম. এ. সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আরশাদ। এতে স্থানীয় চিকিৎসকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ডা. আলী আশরাফ খান। তিনি চিকিৎসকদের পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সংগঠন সুসংগঠিত থাকলে বড় পরিসরের কাজও সহজে সম্পন্ন করা সম্ভব। চিকিৎসা একটি মহান পেশা উল্লেখ করে তিনি মানুষের সেবা ও কল্যাণে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান।
সেমিনারটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।










