নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায় অভিযান চালিয়ে ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল ইসলাম আরফান (২৬) নামে এক যুবক ও সাথী বেগম ওরফে মায়া (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ফতুল্লার ভূঁইগড় সরদারবাড়ি এলাকার আলাউদ্দিনের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল ও মায়াকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রাসেল ভূঁইগড় শান্তিধারা এলাকার ৫ নম্বর সড়কের একটি বাড়ির ভাড়াটিয়া স্বপন মিয়ার ছেলে। অন্যদিকে সাথী বেগম একই এলাকার সরদারবাড়ি সড়কের আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রাসেল স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান নিতুলের অনুসারী হিসেবে পরিচিত।










