নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিম গ্রুপের একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে অন্তত চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকার কারখানাটিতে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ফায়ার সুপারভাইজার নাইমুল হাসানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে কারখানার প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম দাবি করেছেন, এ ঘটনায় একজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

তিনি জানান, কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।