নারায়ণগঞ্জে দিনভর শিল্প অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক থাকার পর মঙ্গলবার বিকেলে ফের ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছে শ্রমিকরা। এসময় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুপুর ৩ টায় ফতুল্লার কাঠেরপুল এলাকার বিভিন্ন গার্মেন্টস থেকে শ্রমিকরা বেরিয়ে আসে। এরপর তারা শিবু মার্কেট এলাকায় অবস্থান নিলে বন্ধ হয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের যান চলাচল। ঢাকা ও চাষাঢ়ামুখী সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

আন্দোলনরত শ্রমিকরা ধীরে ধীরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে অগ্রসর হতে শুরু করে। বিকেল সাড়ে ৪ টায় লিংক রোডের স্টেডিয়াম এলাকায় পুলিশ বাধা দিলে পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরী করে শ্রমিকরা।

এসময় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেলের ধোঁয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় শ্রমিকরা। সন্ধ্যা সোয়া ৫ টার দিকে আবারও শুরু হয় সড়কে যান চলাচল।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। মঙ্গলবার আন্দোলনে নামবে না এমন প্রতিশ্রুতি শ্রমিকদের কাছ থেকে এলেও সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ফের আন্দোলনে নেমে বিশৃঙ্খলা করেছে তারা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ার শেল ছুড়েছে। ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। তবে তা গুরুত্বর নয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।