মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পঞ্চবটি বিসিক, শিবু মার্কেট, ফতুল্লা, সাইনবোর্ড, সানারপাড় ও আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তাঁরা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, নারায়ণগঞ্জের কোথাও শ্রমিক আন্দোলন নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কারখানাগুলোতে উৎপাদন চলছে। নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন হয়েছে এবং এর প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্য নিয়ে বোর্ড কাজ করছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে কারখানায় ভাঙচুর ও নাশকতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসক শ্রমিকদের গুজব ও উসকানিতে কান না দিয়ে কাজে ফিরে আসার আহ্বান জানান।










