দেশের শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলনে বিরোধী দলের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে আয়োজিত মতবিনিময় সভায় এই প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। সেই সাথে বাংলাদেশের স্বার্থে সরকারি দল ও বিরোধী দলকে এক থাকার আহবান জানান তারা।

বৃহস্পতিবারের সভায় চেম্বারের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, দুঃখজনক হলেও সত্য এনসিপি এবং জামায়াতে ইসলামীর ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ রহস্যজনক এবং হতাশাজনক মনে হলো। এই দেশ আমাদের, আমাদেরকেই সমস্যা সমাধান করতে হবে। আপনারা আমরা সবাই মিলে সমস্যা সমাধান করতে হবে।

একই সভায় চেম্বারের বর্তমান সভাপতি ও সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বিরোধী দলে যারা আছেন তাদের বলবো। আমরা যেন সকলে মিলে একসাথে কাজ করি। এই বাংলাদেশ আমাদের। বাংলাদেশের ক্ষতি করা যাবে না। দেশকে আর অন্ধকারে নিয়ে যাবেন না। আমাদেরকে কাজ করার সময় দেন।

এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধূরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।