নারায়ণগঞ্জে আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁন বানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের বারোআনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন বানু একই গ্রামের জামানের স্ত্রী।
জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) সকালে চাঁন বানু নিজেদের ভবনের ছাদে যান। এসময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজাল হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










