নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি, হাসপাতালের চিকিৎসাসেবা, মশক নিধন ও সুপেয় পানির ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ডেঙ্গু বিভাগ, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু বিভাগে শয্যা সংকটের কারণে রোগীদের করিডোর ও মেঝেতে চিকিৎসা নিতে দেখা যায়। হাসপাতালের আরএমও ডা. মো. নাজমুল হোসেন জানান, সীমিত সামর্থ্যের মধ্যেও রোগীদের সেবা দেওয়ার চেষ্টা চলছে।
অন্যদিকে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নিয়মিত মশক নিধন ও খাল-নালা পরিষ্কারের কার্যক্রম চালানোর কথা জানায়। ইসলামী ফাউন্ডেশন মসজিদগুলোতে ডেঙ্গু সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছে। নাগরিক কমিটির পরামর্শের পর ৪০০টি মসজিদে পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশন বিষয়ে সচেতনতামূলক বার্তা পাঠানোর আশ্বাস দেন প্রতিষ্ঠানটির উপপরিচালক মোহাম্মদ ইয়াসির আরাফাত।
মতবিনিময়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল হক দিপু, অর্থ সম্পাদক হাফিজুল হক ও প্রচার সম্পাদক তারিক বাবু উপস্থিত ছিলেন।










