কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দ্বিতীয় দফার লকডাউন ঠেকাতে বিএনপি রাজপথে থাকলেও জামায়াতে ইসলামী ও এনসিপিকে দেখা যায়নি। বিগত সময়ে আওয়ামী লীগ ঠেকাতে বিএনপির পাশাপাশি জামায়াত ও এনসিপিকে দেখা গেলেও রোববার মাঠে পাওয়া যায়নি বিরোধী দলের ভুমিকায় থাকা দলদুটিকে।

বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে দলীয় অবস্থান ধরে রেখেছেন তারা। তবে রাজপথে মোকাবেলার বিষয়ে শীর্ষ নেতাদের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা। ইতোমধ্যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা চলছে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পরেই নিজেদের অবস্থান পরিস্কার করবেন রাজপথে।

এনসিপির নেতারা জানায়, বিএনপি গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য গড়তে প্রস্তুত এনসিপি। তবে আওয়ামী লীগ জেলায় বেশি সক্রিয় হলে তাদের ঠেকাতে যথেষ্ট প্রস্তুতি রয়েছে তাদের। বিদ্যমান চোরাগোপ্তা হামলা চালিয়ে আওয়ামী লীগ সফল হবে না বলেই মনে করছেন তারা।

নারায়ণগঞ্জে নভেম্বর জুড়ে বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঝটিকা মিছিলের পাশাপাশি নাশকতার পথ বেছে নিয়েছে দলটি। তবে কোথাও ককটেল বিষ্ফোরণের খবর পাওয়া যায়নি। নাশকতার হটস্পটগুলোর মধ্যে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এখানে ব্যস্ত সড়ক হওয়ায় দ্রুতই নাশকতা চালিয়ে পালিয়ে যেতে পারছে তারা।

তবে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির পাশাপাশি জামায়াত এনসিপিও আওয়ামী লীগ বিরোধী অবস্থান ধরে রেখেছে। তবে বিরোধী দলের নেতাদের অভিযোগ, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতাদের জামিন করাতে বিএনপিপন্থী আইনজীবী নেতারাই এগিয়ে যান। নিজেদের জুনিয়রদের সামনে এগিয়ে দিয়ে জামিন করিয়ে আনেন। বিনিময়ে মোটা অংকের পারিশ্রমিক নিয়ে থাকেন আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে।

এভাবে সহজেই জামিনে বেরিয়ে আসে আওয়ামী লীগের লোকজন। যারা বের হয়েই শুরু করে নাশকতা। এছাড়া পাড়া মহল্লায় বিএনপি নেতাদের দ্বারা আওয়ামী লীগ নেতাদের শেল্টার, দলে অনুপ্রবেশ ঘটানোর মত বিষয় নিয়ে বিএনপি নেতাদের উপর ক্ষুব্ধ জামায়াত ও এনসিপি।

তারা বলছেন, আওয়ামী লীগকে কাছে টেনে নেয়া বিএনপি নেতাদের উচিত রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করা। নিজেরা সুযোগ সুবিধা নিবে আর সন্ত্রাস মোকাবেলার সময় জামায়াত এনসিপির দিকে তাকিয়ে থাকবে তা হবে না। তাদেরও শেল্টার দেয়া বন্ধ করতে হবে।

জেলা জামায়াতের শীর্ষ এক নেতা বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল করেছি। তবে রোববার করা হয়নি। সামনে হয়তো করা হবে। আমরা রাজনৈতিক কর্মসূচী পালন করতে পারি। রাস্তায় নেমে আওয়ামী লীগকে মারধর করা তো আমাদের কাজ নয়। এটা আইন হাতে তুলে নেয়ার মত। যারা নাশকতা করছে তাদের ধরার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা পুলিশকে তথ্য উপাত্ত সহ নানাবিধ সহযোগীতা করতে প্রস্তুত।

জেলা এনসিপির শীর্ষ দুজন নেতা বলেন, ‘আমাদের রাজপথে সক্রিয় অবস্থান রয়েছ। রোববার রাতেও আমরা বৈঠক করেছি। আগামী ৫ ডিসেম্বর আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী বিশাল সমাবেশ রয়েছে। তাঁর জন্য আমাদের প্রস্তুতি চলছে। যেকোন নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি। তবে তাঁর আগে পুলিশকে নিরাপত্তা জোড়দার করতে হবে। পাশাপাশি বিএনপির যেসব নেতারা আওয়ামী লীগকে শেল্টার দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।