কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাইফুল ইসলাম খোকন (৪৫)কে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে ফতুল্লার দাপা বেপারীপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। খোকন ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তিনি ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, সাইফুল ইসলাম খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শ্রমিক আন্দোলনে শ্রমিকদের ইন্ধন দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের পদধারী নেতা। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।