নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া মোড়ে অবস্থিত প্রভাবশালী ওসমান পরিবারের ঐতিহাসিক পৈতৃক ভবন ‘বায়তুল আমান’ এখন মাদকসেবীদের নিরাপদ আখড়া ও উন্মুক্ত টয়লেটে পরিণত হয়েছে। একসময়ের রাজনৈতিক কেন্দ্রবিন্দু ও ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ভবনটি ভেঙ্গে ফেলার পর  পথচারী ও নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনটির ভাঙা দেয়াল ও চারপাশের উন্মুক্ত অংশ দিয়ে যাতায়াত করেন পথচারীরা। তবে ভবনের ভেতরে ভাসমান ব্যক্তিদের মলমূত্র ত্যাগের কারণে চারপাশে ছোড়ায় দুর্গন্ধ। দিনের আলো নিভতেই ভবনটির ভাঙাচোরা ভগ্নস্তূপের ভেতর শুরু হয় মাদকসেবী ও অপরাধীদের আড্ডা।

শুধু তাই নয়, দিনে এবং রাতে ভবনের নির্জন স্থানে নারী নিয়ে প্রবেশ করতে দেখা যায়। আশেপাশের ব্যবসায়ীদের অভিযোগ, রাতের আঁধারে এখানে চলে অপরাধীদের দেহ ব্যবসা। সেই সাথে ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে এই ভাঙ্গা বাড়িটি।

ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী এই প্রতিবেদককে বলেন, জনস্বার্থে ও এলাকার পরিবেশ রক্ষায় দ্রুত এই ভাঙ্গা বাড়িটি পরিষ্কার করে জায়গাটির নির্দিষ্ট কোন কাজে ব্যবহারের ব্যবস্থা নেওয়া জরুরী। এখানে যেন মাদকসেবীদের আড্ডা ও অপরাধমূলক কাজ না হয় সেদিকে প্রশাসনের লক্ষ্য রাখা প্রয়োজন।

বায়তুল আমান ভবনটি নারায়ণগঞ্জের ঐতিহাসিক ও প্রভাবশালী ওসমান পরিবারের পৈত্রিক বাড়ি হিসেবে পরিচিত। স্বাধীনতার পুর্বে এই বাড়িতে আওয়ামী লীগের একাধিক বৈঠক হয়েছে বলে দাবী করতেন সাবেক এমপি শামীম ওসমান। এছাড়া তার ভাই প্রয়াত নাসিম ওসমান এবং সাবেক এমপি সেলিম ওসমানও নিজেদের এই স্মৃতি বিজড়িত বাড়ি নিয়ে গর্ববোধ করতেন।

তবে ওসমান ভাইদের অপকর্ম এবং নারায়ণগঞ্জে রাম রাজত্বের কারনে ক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তাদের আবাসস্থল। ২০২৪ সালের ৫ আগস্ট চাষাঢ়া, কলেজ রোড ও জামতলায় গুড়িয়ে দেয়া হয় সেলিম ওসমান, শামীম ওসমান এবং আজমেরী ওসমানের বাড়িঘর।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে উঠে সাধারন জনগন। ক্ষিপ্ত হয়ে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বায়তুল আমান গুড়িয়ে দেয়া হয়। এক্সাভেটর, হাতুড়ি ব্যবহার করে ভেঙ্গে ফেলা হয় বাড়ির একাংশ। এরপর থেকেই ভাঙ্গা বাড়িটি দাঁড়িয়ে আছে চাষাঢ়া গোলচত্বরে। ফ্যাসিবাদী শাসনের বিপরীতে মানুষের ক্ষোভের চিহ্ন বহন করছে বাড়িটি।