নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে সাড়া মেলেনি জনজীবনে। নারায়ণগঞ্জ শহরে দিনভর যান চলাচল ও ব্যবসা বানিজ্য ছিলো স্বাভাবিক। সময় মত দূর পাল্লার বাস ছেড়ে যাওয়ার পাশাপাশি লঞ্চ ও ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক। তবে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো সতর্ক অবস্থানে।

গত সোমবার রাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনায় কিছুটা চাপা উত্তেজনা বিরাজ করলেও মঙ্গলবার দিনভর স্বাভাবিক ছিলো সবকিছু।

জেলা পুলিশ জানায়, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের অপতৎপরতা চলতে দেয়া হবে না। আমাদের স্বাভাবিক টহল কার্যক্রম পরিচালিত ছিলো। পাশাপাশি শিল্পাঞ্চলের নিরাপত্তায় সপ্তাহ ব্যাপী আমাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কারখানার শ্রমিক থেকে শুরু করে সকল পেশার মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

এদিকে নারায়ণগঞ্জের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে। নিতাইগঞ্জ, টানবাজার, দেওভোগ, ডিআইটি, নয়ামাটির মত বানিজ্যিক এলাকায় কোন ধরনের প্রভাব পড়েনি ধর্মঘটের।

নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচীর বিপরীতে সরব ছিলো বিএনপি ও এনসিপি। দিনভর জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কে মহড়া দিয়েছেন। রাতে এনসিপি শহরে মহড়া দেয় নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের লক্ষ্যে।