নারায়ণগঞ্জের বন্দরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বটতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। সংস্থাটির দাবী, তাদের তৎপরতায় প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা গেছে।
ক্ষতিগ্রস্ত ঝুটের গোডাউন মালিকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।










