নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মাদ্রাসার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে এ তথ্য জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খান। কমিটির বাকি সদস্যরা হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা মডেল থানার একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।
কমিটির প্রধান আলী নুর খান জানান, আগুন লাগার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। প্রাথমিক অনুসন্ধানে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
তিনি বলেন, যে কক্ষ থেকে আগুন ছড়িয়েছে, সেটি ইন্টেরিয়র ডিজাইনে সাজানো ছিল। ফলে আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং সৃষ্ট ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। এতে অন্য তলায় থাকা শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নামার সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ডের শান্তিধারা এলাকায় অবস্থিত মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে ভবনের লাইব্রেরি ও অফিসকক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।










