সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ জীবিকার প্রয়োজনে রূপগঞ্জে আসেন। এসব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫১ শয্যার হাসপাতাল যথেষ্ট নয়। এ অঞ্চলে আরও বড় পরিসরে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রূপগঞ্জে আরও বৃহৎ পরিসরে হাসপাতাল নির্মাণের বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন। এ বিষয়ে দিপুর সঙ্গেও কথা হয়েছে। সরকার কীভাবে এখানে আরও আধুনিক ও বড় হাসপাতাল প্রতিষ্ঠা করতে পারে, সে বিষয়ে পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে ডা. ওয়াহিদ কিংবা ডা. তৌহিদকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। দাউদপুর জেনারেল হাসপাতাল কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি সবার প্রতিষ্ঠান। তাই হাসপাতালটির উন্নয়ন ও কার্যক্রম সচল রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

যোগাযোগব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সড়ক যোগাযোগ ভালো হলে কৃষকরা দ্রুত তাঁদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারবেন। পাশাপাশি সন্তানদের অসুস্থতার সময় দ্রুত হাসপাতালে নেওয়াও সম্ভব হবে। উন্নত যোগাযোগব্যবস্থা এলাকার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে এবং তাঁদের আর্থিকভাবে উপকৃত করবে।