নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর গেট এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ওই সময় ফায়ার সার্ভিসের পাঁচ থেকে ছয়জন সদস্য এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক একটি র্যালিতে অংশ নিতে অবস্থান করছিলেন। এ সময় অগ্রণী ব্যাংকের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার সংবাদ পান তারা।
তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফার্স্ট কল ও সেকেন্ড কলের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। মাত্র দুই মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়।
সাইফুল ইসলাম আরও জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। এরপর মাত্র দুই মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তা আশপাশে ছড়িয়ে পড়েনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।










