শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত কদম রসুল সেতুর নির্মাণকাজের বড় বাধা কাটতে শুরু করেছে। সেতুর পশ্চিম প্রান্তের কালিরবাজার এলাকার মাজারটির মূল অবকাঠামো ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়েছে। তবে মাজার কমিটি জানিয়েছে, অবকাঠামো ভাঙা হলেও ভেতরের দুটি কবর অক্ষত থাকবে।

মাজারটির কারণে সেতুর পশ্চিম অংশের ছয়টি পাইলিংয়ের কাজ আটকে ছিল। জমি বুঝে না পাওয়ায় বুধবার সেতুটির পশ্চিম অংশের কাজ সাময়িকভাবে বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। আলোচনা ও সমঝোতার পর বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মাজারের অবকাঠামো অপসারণের কাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, কালিরবাজার মোড় এলাকায় হজরত মাওলানা হাফেজ শেখ সৈয়দ মো. আব্দুল্লাহ শাহ (রহ.) মাজার শরিফের জায়গায় সেতুর পি-১ পিলারটি স্থাপিত হবে। মাজারটি থাকবে কি থাকবে না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। এছাড়া মাজারটির অবস্থানের কারণে কালিরবাজার এলাকায় তীব্র যানজট ও সেতুর কাজে স্থবিরতা তৈরি হয়। মাজার অপসারণ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলজিইডি সূত্রে জানা গেছে, কদম রসুল সেতুর ২৪টি পিলার ও দুটি অ্যাবাটমেন্টের মধ্যে কেবল পি-১ ছাড়া বাকি সব অংশের পাইলিং কাজ শেষ। মাজার থাকায় এ অংশের কাজ শুরু করা যাচ্ছিল না। এই অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের জায়গা না পেলে যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার সতর্কীকরণ নোটিশ দেয়। তবে মাজার অপসারনের পর ফের কাজ শুরু করবেন তারা।

মাজার কমিটির সহসভাপতি আবদুল আজিজ বলেন, ‘সেতুর নকশা পরিবর্তন করে মাজারের ওপর দিয়ে নেওয়া হয়েছে। আমরা দফায় দফায় সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বসেছি। সবশেষ সিদ্ধান্ত হয়েছে, মাজারের স্থাপনা ভেঙে ফেলা হবে, তবে কবর থাকবে। কবরের ওপর পিলার বসবে না। আমাদের জানানো হয়েছে, সেতুর কাজ শেষ হলে সরকারিভাবেই ছোট করে মাজার তৈরি করে দেওয়া হবে।’

প্রকল্প সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের চারারগোপ থেকে বন্দর উপজেলার একরামপুর পর্যন্ত ৭৩৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় এই কেবল-স্টেড সেতু। ২০২৮ সাল নাগাদ সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের লাখো মানুষের আশা, পিলারের কাজ শুরু হলে সেতু নির্মাণের বাকি ধাপগুলোও গতি পাবে এবং নির্ধারিত সময়ে সেতু চালু হবে।