নারায়ণগঞ্জের বক্তাবলী পরগণায় ‘ল্যাংটার মেলা’র নামে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি।
শনিবার (২৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন অভিযোগ করেন, মেলার নামে নদীর তীরবর্তী এলাকায় মদ-গাঁজার দোকান, জুয়া ও অশ্লীল কর্মকাণ্ড চলে। রাতভর উচ্চ শব্দে গান-বাজনা ও মাইকিংয়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অসুস্থ ও বয়স্কদের ভোগান্তি পোহাতে হয়।
তিনি এসব বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কমিটির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, মেলার নামে অসামাজিক কর্মকাণ্ড বন্ধে দীর্ঘদিন ধরে তাঁরা আন্দোলন করছেন। আগামী ৮ থেকে ১২ ডিসেম্বর সোলায়মান শাহার স্মরণে গান-বাজনার পরিবর্তে কোরআনখানি, দোয়া-মিলাদ, ওয়াজ ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কমিটির উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।










