সামনেই স্থানীয় সরকার নির্বাচন। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। জানুয়ারি থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরপর পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা রয়েছে।
নতুন ঘোষণার পর উদ্বেগ তৈরী হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়নের ভোটারদের মাঝে। সেগুলো হচ্ছে কুতুবপুর, ফতুল্লা এবং এনায়েতনগর ইউনিয়ন। সিটি করপোরেশন বর্ধিত করার প্রস্তাবে অন্তর্ভুক্ত হয়েছে এই তিন ইউনিয়ন। এদের মধ্যে কুতুবপুর ইউনিয়ন সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত। অপেক্ষায় আছে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়ন। সবশেষ জেলা প্রশাসকের রিপোর্টে এই দুইটি ইউনিয়ন সিটিতে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বলেই বিবেচিত হয়েছে।
তবে নির্বাচন কমিশনের তালিকায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সব ইউনিয়নকে নির্বাচনের তালিকায় রেখেছে। যেখানে রাখা হয়েছে কুতুবপুর, ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নকে। এমন অবস্থায় ভোটারদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, ভোট দিতে হবে কোথায়? ইউনিয়ন নির্বাচনে নাকি সিটি নির্বাচনে?
শুধু ভোটারদের মধ্যেই সীমাবদ্ধ নেই এই প্রশ্ন। বিভ্রান্তিতে রয়েছেন প্রার্থীরাও। কারণ, যারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তুতি শুরু করেছেন নির্বাচনের। তারা সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার খবরে কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি শুরু করেছেন। কিন্তু নতুন করে আবারও ইউনিয়ন নির্বাচনের তালিকায় নাম দেখে বিভ্রান্তিতে পড়েছেন।
কুতুবপুর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কাদির বলেন, আমরা আন্দোলন করে কুতুবপুর ইউনিয়নকে আংশিক থেকে পূর্ণ ইউনিয়নকে সিটিতে অন্তর্ভুক্তির প্রস্তাব পাঠানোর জন্য কাজ করেছি। আমরা শুনতে পেরেছি আমাদের অচিরেই সিটিতে অন্তর্ভুক্ত করা হবে। পুরো বিষয়টিই এখন মন্ত্রণালয়ের হাতে। এমন অবস্থা চলাকালে যখন আমরা দেখি কুতুবপুরকে ইউনিয়ন নির্বাচনের তালিকায় রাখা হয়েছে, তখন আমরা আশাহত হই। আমরা প্রত্যাশা করি দ্রুত এই তালিকা সংশোধন করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে এই ইউনিয়ন তিনটিতে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হবে।
এই প্রসঙ্গে জেলা প্রশাসক রায়হান কবীর বলেন, ‘বিষয়টি আমাদের হাতে নয়। সিদ্ধান্ত মন্ত্রনালয় ও নির্বাচন কমিশনের হাতে। তারা যেই সিদ্ধান্ত দিবে সেটাই বাস্তবায়িত হবে। আমরা সুপারিশ পাঠিয়েছি। এখন সুপারিশকৃত অঞ্চলে ইউনিয়ন নির্বাচন হবে নাকি সিটি করপোরেশন নির্বাচন হবে তা নির্ধারণ করবে মন্ত্রনালয়। এক্ষেত্রে আমাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
বাসিন্দারা বলছেন, দ্রুতই এই জটিলতা নিরসন করে স্পষ্ট বার্তা আসুক নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই অঞ্চলের বাসিন্দারা আসন্ন নির্বাচনে ইউনিয়নে ভোট দিবেন নাকি সিটি করপোরেশনে ভোট দিবেন তা পরিস্কার করা জরুরী। কারণ, বছরের পর বছর সিটিতে অন্তর্ভুক্তির দাবী জানানোর পর তাদের অর্জন কতটুকু এগোলো তা জানতে চাচ্ছেন সকলেই।










