২৯ নভেম্বর ১৯৭১। সকাল থেকেই কনকনে শীত আর ঘন কুয়াশায় আচ্ছন্ন ফতুল্লার বক্তবলী ইউনিয়ন। ফজরের আজানের পরপরেই কেরানীগঞ্জ থেকে আসা কয়েকজন মুচি বক্তাবলী এসে গ্রামবাসীদের জানালেন চতুর্দিকে পাকিস্তানী বাহিনী গ্রাম ঘিরে রেখেছে। যুদ্ধের প্রায় ৮ মাস ধরে নিরাপদ এই অঞ্চলে পাক সেনারা হানা দিবে তা বিশ্বাসই করেননি কেউ। কিন্তু যতই সময় বাড়ছে ততই পাল্টে গেলো বক্তাবলীর চিত্র। বিভিন্ন এলাকা থেকে দিশেহারা গ্রামবাসী এদিক সেদিক ছুটতে লাগলেন। কিন্তু পুরো এলাকাই ঘিরে ফেলেছে পাক সেনারা।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন মূলত নদী বেষ্টিত একটি চর। স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুন্সিগঞ্জ এবং কেরানীগঞ্জ থেকে মুক্তিযোদ্ধারা বক্তাবলীতে আশ্রয় নিতো। যুদ্ধের শুরু থেকেই এই চরে পাক বাহিনীর আনাগোনা ছিল না বললেই চলে। সে কারনে চরমপত্র পাঠক এম আর আক্তার মুকুল বক্তাবলীকে মুক্তাঞ্চল হিসেবেই পরিচিত করতো রেডিওতে। যুদ্ধের ঠিক শেষ মুহুর্তে বক্তাবলী ইউনিয়নে হানা দিয়ে পুরো অঞ্চলে চালায় এক নির্মম গণহত্যা। মাত্র একদিনের তান্ডবে প্রান হারায় ১৩৯ জন। কিন্তু স্বাধীনতার ৪৯ বছরে পদার্পন করেও এই গণহত্যার স্বীকৃতি আদায় করতে পারেনি বক্তাবলীবাসী।
ঘটনার প্রত্যক্ষদর্শী আনসার আলী দীর্ঘ সময় নিয়ে বর্ননা দেন ভয়াল সেই দিনের ঘটনা। যুদ্ধ চলাকালে তিনি ছিলেন ১৫ বছরের কিশোর। বর্তমানে তার বয়স ৬৪। স্বজন হারানোর বেদনা চেপে নিয়ে বলেন, সেদিন ছিল ঘনকুয়াশা। পুরো বক্তাবলীর চতুর্দিকে পাকিস্তানি বাহিনী গ্রামবাসীদের তাড়াতে তাড়াতে জড়ো করছিলেন লক্ষীনগর গ্রামে। ভোরবেলা কেরানীগঞ্জ থেকে কয়েকজন মুচি এসে গ্রামে খবর দেয় চারদিকে মিলিটারি ঘিরে রেখেছে। এই মুচিরা মূলত ১৫/২০ দিন পরপর গ্রামে এসে মৃত গরুর চামড়া সংগ্রহ করতে আসতো। ঘটনার দিক সকালে নদীপথে আসার সময় তারা পাকসেনাদের দেখতে পায়। প্রথম প্রথম কেউই বিশ্বাস করেনি। কিন্তু সকাল বাড়তেই অন্যান্য গ্রাম থেকে সবাই দৌড়ে লক্ষীনগরের দিকে আসায় আমরা বুঝলাম আসলেই মিলিটারি এসেছে।

লক্ষীনগর গ্রামটি ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। বক্তাবলীর পশ্চিম দিক থেকে রাধানগর, গুচ্ছগ্রাম, রামনগরের বাসিন্দারা ছুটে আসছিলেন লক্ষীনগরের দিকে। ঘনকুয়াশার কারনে কোনদিক থেকে নিরাপদে পালাতে পারবেন তা বুঝে উঠতে পারছিলেন না কেউই। এরই মাঝে সকাল ৮টার দিকে মুক্তিবাহিনীর গেরিলা সদস্যরা ২ পাক সেনাকে গুলি করে মেরে ফেলে। এরপর পাক সেনারা তাদের লাশ জাহাজে রেখে অস্ত্রশস্ত্র নিয়ে নামে।
সকাল ১১টার দিকে কুয়াশা কেটে গেলে লক্ষীনগর থেকে কেরানীগঞ্জের কালীনগর এলাকার দিকে পালাতে থাকেন গ্রামবাসী। এর ১ ঘন্টা পরেই অভিযান শুরু করে হানাদার বাহিনী। আটকা পরে যান বিপুল পরিমান মানুষ। রাস্তাঘাট, বাজার, দোকান, বাসা বাড়ি সবখান থেকে মানুষদের ধরে এনে তাদের পরিচয় যাচাই করা শুরু করে। পুরো গ্রামের অধিকাংশ বাড়িঘরে আগুণ ধরিয়ে দেয় তারা। যাদেরকেই সন্দেহ হয়েছে তাদের ধরে নিয়ে নদীর পাড়ে একটি ঢিবির উপর বেঁধে রাখছিলো।
দুপুর থেকে শুরু হওয়া এই তান্ডব শেষ হয় বিকেলে। তাদের সন্দেহে যারা ছিল তাদের সকলকে গুলি করে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে হানাদারেরা। লাশের পর লাশ স্তুপ হয়ে ছিল লক্ষীনগর বধ্যভুমিতে। এসব লাশ জানাজা ছাড়াই কাপড় পেঁচিয়ে মাটিচাপা দিয়ে দেয়া হয়।
তবে অভিযান থেকে তিনি কিভাবে মুক্তি পেলেন তা জানতে চাইলে বলেন, ১২টার দিকে যখন অভিযান শুরু করে আমি সহ অসংখ্য মানুষ গ্রামের গোরস্থানের পাশের একটি ডোবায় বড় বড় কচুরিপানার নিচে লুকিয়ে থাকি। আর সেই কারনেই মনে করি এখন পর্যন্ত আমি বেঁচে আছি। সে সময়ে যে যেভাবে পেরেছে সেভাবেই লুকিয়েছে। আমার এক দুঃসম্পর্কের ভাই কবরের বাঁশ সরিয়ে লাশের পাশে শুয়েছিলো। এখন বললে বিশ্বাস হবে না। কিন্তু তখন এইটাই ছিল বাস্তবতা। জীবন বাঁচাতে কবরের কাফন পেঁচিয়ে শুয়ে ছিলো।
বধ্যভুমিতে সম্প্রতি নির্মান করা হয়েছে শহীদদের নামফলক স্তম্ভ। নামফলকে দেখা যায় ৬ জন নারী, ৪ জন অজ্ঞাত সহ মোট ১৩৯ জনের তালিকা লিপিবদ্ধ করা হয়েছে। এদের মধ্যে বক্তাবলীর লক্ষীনগর গ্রামে ৪০, রামনগরে ৭, রাজাপুরে ৭, গোপালনগরে ১১, মুক্তারকান্দি ১৭, মধ্যনগর ১, সাবেক নরসিংহপুর ৪, ডিক্রিরচর ১২, আলীরটেক ৭, চর গড়কূল ৫, গংগানগর ২১, সোনারগাঁ ১, কমলাঘাট ৪ এবং বাটা কোম্পানি গ্রামের ২ জন।
তবে নির্মম এই গণহত্যার স্বীকৃতি আজ পর্যন্ত প্রদান করা হয়নি। ভুক্তভোগী পরিবারগুলো পাননা কোন প্রকার সাহায্য সহযোগীতা। স্থানীয়, বেসরকারী ও মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের কয়েকটি সংগঠন থেকে মাঝে মধ্যে শহীদ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।
আলোকিত বক্তাবলীর সদস্য আব্দুল আজিজ বলেন, আমরা বক্তাবলীর গনহত্যার ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশী পেয়েছি আশ্বাস। আমাদেরকে সবাই আশ্বাস দিয়ে বিদায় করেন, সাংসদ, জেলা প্রশাসক, ইউএনও সহ অনেকেই। ১৩৯ টি পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি এনে দেয়ার কথা বললেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। প্রশাসনের কর্মকর্তাদের দুয়ারে দুয়ারে ঘুরেও সেভাবে রেসপন্স পাওয়া যায় না। এই আচরণে আমরা অত্যান্ত ব্যাথিত।
প্রথম প্রকাশ – ২৯ নভেম্বর ২০২০









