বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর ১৮ নবাব সলিমুল্লাহ রোডে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।

সভায় কবি সুফিয়া কামালের জীবন, সাহিত্যকর্ম ও নারী মুক্তি আন্দোলনে অবদান নিয়ে আলোচনা করেন জেলা কমিটির সহ-সভাপতি প্রীতিকণা দাস, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম ও পরিবেশ-জলবায়ু সম্পাদক রওনক রেহানা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা। কবিতা আবৃত্তি করেন কাউছার আক্তার পান্না ও তিথি সুবর্ণা এবং গান পরিবেশন করেন দীপা রায়।

বক্তারা বলেন, সুফিয়া কামাল নারী ও মানবমুক্তির চেতনায় নারীসমাজকে সচেতন ও সংগঠিত করতে আজীবন কাজ করেছেন। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা ছিল। নারীসমাজের সমঅধিকার প্রতিষ্ঠায় ১৯৭০ সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করে তিনি সংগঠনটির নেতৃত্ব দেন।

তাঁর জীবন, আদর্শ ও লেখনী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তরুণদের মানবিক চেতনায় উদ্বুদ্ধ করতে মহীয়সী নারীদের সাহিত্য ও সংগ্রামী জীবন সম্পর্কে জানানো জরুরি।

সভায় মহিলা পরিষদের জেলা ও শহর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।