ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া কমানোর দাবীতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে দুইদিনের সময় নিয়েছে বাস মালিকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন। স্থায়ী সমাধানের আগ পর্যন্ত আগামী দুই দিন বাস মালিকরা যাত্রীদের থেকে ৫৯ টাকা এবং শিক্ষার্থীদের থেকে ৩৪ টাকা ভাড়া আদায় করবেন।

তরিকুল সুজন বলেন, ‘অবরোধ কর্মসূচীর বিষয়টি নজরে আসার পর জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বাস মালিকরা উপস্থিত ছিলেন। আলোচনায় স্থায়ী সুরাহা না হলেও বাস মালিকরা আমাদের কাছ থেকে দুই দিনের সময় চেয়েছেন। দুইদিন সময় নিয়ে তারা সিদ্ধান্ত জানাবেন।’

মহানগর এনসিপির আহবায়ক শওকত আলী বলেন, ‘এখানে জেলা পরিষদের প্রশাসক এবং এনডিএ চেয়ারম্যান সুপারিশ করেছেন এবং বাস মালিকদের দুইদিন সময় দেয়ার অনুরোধ জানিয়েছেন। তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে আপাতত আগামীকালের অবরোধ স্থগিত রাখা হচ্ছে।’

এর আগে, রবি ও সোমবার দিনভর অবরোধ সফলে মাইকিং চালায় ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ এর নেতৃবৃন্দরা। রাতেও শহরে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অবরোধ সফলে ক্যাম্পেইন চালানো হয়।

বাসের ভাড়া কমানোর দাবিতে গঠন করা পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্যের সাথে যুক্ত রয়েছে, ‘বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।’