গত ২ এবং ৩ নভেম্বর ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড লম্বা সময় আটকে রেখেছিলো শ্রমিকরা। নেপথ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা উস্কানি দিলেও সড়কে থাকা অধিকাংশই ছিলো সাধারন শ্রমিক। হাজারো শ্রমিক সড়কে নেমে যখন সড়ক বন্ধ করে দেয় তখন অনেকটা অসহায় হয়ে পড়ে সাধারণ মানুষ। দীর্ঘ হয় যানবাহনের সাড়ি। পায়ে হেঁটেই গন্তব্যে পৌছাতে হয়েছে মানুষকে।
দুদিনের অভিজ্ঞতা থেকে বুধবার ভিন্ন পন্থা অবলম্বন করে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে মঙ্গলবার শ্রমিকদের শিবু মার্কেট মোড় এলাকায় বাধা দেয়ার চেষ্টা করে ব্যার্থ হয় পুলিশ। ব্যরিকেড ভেঙ্গে সড়কে নেমে আসে শ্রমিকরা। যেখানে বল প্রয়োগ করলে সাধারন শ্রমিকরাই বেশী ক্ষতিগ্রস্থ হবার শংকা থেকে যেত।
এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী সাধারন শ্রমিকদের থেকে নেতৃত্ব দেয়া ব্যক্তি ও উস্কানিদাতাদের পৃথক করা শুরু করে। যেখানে তাদের জালকুড়ির কাছাকাছি ডেকে নিয়ে সড়ক ছেড়ে দেয়ার পরামর্শ দেয়া হয়। সেই পরামর্শ না মানায় শুরু হয় পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। মুহুর্তেই ছত্রভঙ্গ হয়ে যায় শ্রমিকরা।

তবে মঙ্গলবারও প্রায় ২ ঘন্টা সড়কের স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটায় শ্রমিকদের আন্দোলন। সড়কে যেন কোনভাবেই প্রভাব না পড়ে সেজন্য বুধবার সকাল থেকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থান নেয় পুলিশ। শ্রমিকরা জড়ো হয়ে অন্যান্য কারখানা থেকে শ্রমিকদের নামিয়ে আনা এবং শিবু মার্কেট অভিমুখে যাবার চেষ্টা করতেই বাধা দেয় পুলিশ।
এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। জবাবে পুলিশ টিয়ারশেল ছুড়লে ১৫ মিনিটেই ছত্রভঙ্গ হয়ে যায় শ্রমিকরা। ফলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে নামার সুযোগই পায়নি তারা। দিনভর যান চলাচল ছিলো একেবারেই স্বাভাবিক।
এদিকে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত দেড় হাজার ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। নামীয় আসামীদের মধ্যে গ্রেপ্তারকৃত শ্রমিক এবং বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন। মঙ্গলবার রাতভর আসামীদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ।
শিল্প পুলিশ নারায়ণগঞ্জ জোনের পুলিশ সুপার আল মাহমুদ বলেন, ‘আমরা মাইকিং করেছি যে আপনারা যারা সাধারন শ্রমিক তারা রাস্তা ছেড়ে চলে যান। আমাদের আহবানে অনেকেই সড়ক ছেড়ে চলে গেছে। এরপরেও কিছু সংখ্যক লোক রাস্তায় অবস্থান করে এবং আমাদের ব্যারিকেড ভেঙ্গে সামনে আগানোর চেষ্টা করে। আমরা তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করেছি। সেই সাথে পাঁচজনকে আটক করা হয়েছে।’










