নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির সামনের রাস্তা নিয়ে বিরোধের জেরে মো. নাঈম খান (৬০) নামে এক চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম খান একই এলাকার মৃত মঈন খানের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে নাঈমের বিরোধ চলছিল। শনিবার দুপুরে সেই বিরোধের জের ধরে হোসেন, ইকবাল ও মায়াসহ তিন থেকে চারজন লাঠিসোঁটা নিয়ে মারধর শুরু অক্রে। এ সময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানায় অবগত করা হয়েছে।










