জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবশক্তি।
শনিবার বিকেলে সংগঠনের নেতাকর্মীরা জুলাই শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম, মুখ্য সংগঠক আদনান তাহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আল হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাবিব উল্লাহ হাবিব ও মোহাম্মদ রিফাত হাসান অন্তসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
আহ্বায়ক রাইসুল ইসলাম বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং দায়বদ্ধতা থেকেই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের পথচলা। যুবশক্তিকে শুধু সাংগঠনিক কাঠামো নয়, বরং তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়িত্ব পালন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে।
মুখ্য সংগঠক আদনান তাহসান বলেন, তরুণদের মেধা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা বিকাশের পাশাপাশি জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালনে কাজ করবে সংগঠনটি। ইতিহাসকে ধারণ করে মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় ও মর্যাদাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এমন প্রজন্ম গড়ে তুলতে হবে।










