নারায়ণগঞ্জের হাজীগঞ্জ রেললাইন এলাকায় সাদপন্থীদের মারকায নির্মাণ বন্ধ, দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ এবং টঙ্গী ময়দানে সংঘটিত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ওলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় ডিআইটি মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় ডিআইটি মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল আউয়াল সাদপন্থীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায নির্মাণ করতে দেওয়া হবে না। একই সঙ্গে রূপগঞ্জের তারাবো ও হাজীগঞ্জ এলাকায় তাদের কার্যক্রম বন্ধের দাবি জানান তিনি। দাবি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।










