নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চারজন হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ উপলক্ষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা সম্পন্ন করেছেন তাঁরা।

ধর্মান্তরিত পরিবারের সদস্যরা হলেন সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা চন্দ্র শেখর সাহা, তাঁর স্ত্রী মায়া রানী সাহা এবং তাঁদের দুই ছেলে প্রশান্ত চন্দ্র সাহা ও শুভ চন্দ্র সাহা।

ইসলাম গ্রহণের পর তাঁদের নতুন নাম রাখা হয়েছে যথাক্রমে মো. আব্দুর রহমান, মরিয়ম বেগম, মো. শাফায়াত আহমেদ ও সাখাওয়াত আহমেদ।

এ বিষয়ে আব্দুর রহমান জানান, পরিবারের মধ্যে প্রথমে তাঁর ছোট ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা মতবিরোধ তৈরি হয়। তবে পরবর্তী সময়ে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে তাঁর স্ত্রী, তিনি নিজে এবং বড় ছেলেও ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তিনি আরও বলেন, ধর্ম পরিবর্তনের পর এলাকার মানুষের কাছ থেকে তাঁরা বেশ সহযোগিতা পাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা তাঁর পরিবারের উপার্জনের ব্যবস্থা করতে একটি অটোরিকশা কিনে দিয়েছেন। বর্তমানে সেই অটোরিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করছেন তিনি। এতে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে তাঁদের।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, পরিবারটির আর্থিক অবস্থার কথা বিবেচনা করে এলাকার লোকজন সম্মিলিতভাবে একটি অটোরিকশা কিনে দিয়েছেন। শুধু তাই নয়, তাঁদের কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়েও নিয়মিত খোঁজখবর রাখছেন স্থানীয়রা।