নারায়ণগঞ্জে ‘সমতার তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা ও সামাজিক বৈষম্য দূরীকরণে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় তলার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন নারায়ণগঞ্জ সাইক্লিস্ট কমিউনিটি।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘সমতার তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, প্রকল্পটির মূল লক্ষ্য হলো বাংলাদেশজুড়ে যুব ও নারীদের জীবনকে প্রভাবিত করে এমন ক্ষতিকর জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, কুসংস্কার এবং বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা।
এ ছাড়া স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজের প্রতিনিধি ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের অংশগ্রহণে সংলাপের মাধ্যমে সমাজে বিদ্যমান নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ চিহ্নিত করা এবং তা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা প্রণয়ন করাও প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।










